রাজধানী ঢাকায় অফিস খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, ‘আজকে আমাদের মেটার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ এটি মিটিং হয়েছে। প্রধানমন্ত্রীর সেখানে থাকার কথা ছিল। সময়ের কারণে থাকতে পারেননি।’
মেটার সঙ্গে বৈঠকে ঢাকায় অফিস খোলার বিষয়টি নিয়েও কথা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি এ ব্যাপারে খুবই আগ্রহী। ভারতের চেয়েও বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেশি হওয়ায় তারা তাদের ফোকাল পয়েন্ট ঢাকাতেই করতে চায়। এ ছাড়া বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্টও (সিএসএ) আলোচনায় এসেছে বলে জানান তিনি, সঙ্গে যোগ করেন যে দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা করবে মেটা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়েই অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন।

