রাজধানীর চকবাজার থানাধীন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী শোয়ারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল ওই এলাকার একটি গোডাউনে এ বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় গোডাউনে পলিথিনের এই বিপুল মজুত পাওয়া গেলেও ঘটনাস্থলে মালিকের সন্ধান না মেলায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত পলিথিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

