গত বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘প্রযুক্তি ব্যবহার করে নারী ও শিশু নির্যাতন’ শীর্ষক এক মন্ত্রীপর্যায়ের গোলটেবিল বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশে সম্প্রতি নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস সার্ভিস’-এর কথা তুলে ধরেছেন। তিনি বলেন, নারীদের জন্য গণপরিবহনকে আরো নিরাপদ এবং সহজলভ্য করার লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে।
শামা ওবায়েদ বাংলাদেশে নারী এবং শিশুদের উপর সহিংসতা প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেগুলো তুলে ধরেন। দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়, পুনর্বাসন, এবং মনস্তাত্ত্বিক সহায়তার বিষয়গুলো উল্লেখ্য করেন।
বাংলাদেশ-নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর কথা উল্লেখ্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শামা ওবায়েদ ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও মোকাবিলার জন্য একটি ঐচ্ছিক নির্দেশিকা তৈরিতে কাজ করার লক্ষ্যে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে এই উদ্যোগের ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ শামিল হওয়ার আহ্বান জানান।
একই সাথে সংঘাতপীড়িত নারীদের সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করেন তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বলিষ্ঠ অবদান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের নিরাপত্তায় সরকারের নেওয়া বিভিন্ন সেবামূলক ও মানবিক কার্যক্রমের কথাও তিনি বিশদভাবে তুলে ধরেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডিজিটাল হুমকি—যেমন হয়রানি, মানহানি, প্রতারণা ও নিপীড়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের এবং ক্রোয়েশিয়া ও ইউএন উইমেন আয়োজিত এই গোলটেবিল বৈঠকে।

