বাংলাদেশের ৬৪ জেলা ঘুরে দেখার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। তবে বছরের পর বছর বিভিন্ন এলাকায় ভ্রমণের পর ঠিক কতটি জেলা দেখা হয়েছে, তার সঠিক হিসাব মনে রাখা সবসময় সহজ নয়। কোন জেলা ঘোরা হয়েছে আর কোনটি এখনো বাকি? এই হিসাব সহজে জানার সুযোগ করে দিয়েছে একটি অনলাইন ভ্রমণ ম্যাপ। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ব্যক্তিগত ভ্রমণ ম্যাপ তৈরির বিষয়টি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
বাংলাদেশের আটটি বিভাগের ৬৪ জেলার মধ্যে নিজের ভ্রমণ করা এলাকাগুলো নির্বাচন করে এই ম্যাপ তৈরি করা যায়। ফলে এক নজরেই বোঝা সম্ভব হয়, মোট জেলার কতটি ঘোরা হয়েছে এবং কতগুলো এখনো বাকি। তৈরি করা ম্যাপটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু ও পরিচিতদের সঙ্গে শেয়ারও করা যায়।
যেভাবে তৈরি করবেন
ব্যক্তিগত ভ্রমণ ম্যাপ তৈরি করতে যেতে হবে ‘https://unseenbangladesh.com/’ ওয়েবসাইটে। সেখানে বাংলাদেশের আটটি বিভাগের অধীনে ৬৪ জেলার তালিকা রয়েছে। ব্যবহারকারী যে জেলাগুলো ভ্রমণ করেছেন, সেগুলো তালিকা থেকে নির্বাচন করতে পারবেন। চাইলে ওয়েবসাইটে থাকা বাংলাদেশের মানচিত্রে সরাসরি নির্দিষ্ট জেলার ওপর ক্লিক করেও নির্বাচন করা যায়। এ ছাড়া জেলার নাম লিখে খোঁজার সুবিধাও রয়েছে।
কোনো ব্যক্তি যতগুলো জেলা নির্বাচন করবেন, ম্যাপে তার মোট সংখ্যাও দেখানো হবে। যেমন, ৬৪ জেলার মধ্যে ১৫টি জেলা ঘুরে থাকলে হিসাবটি ১৫/৬৪ হিসেবে দেখা যাবে। সব জেলা একসঙ্গে নির্বাচন করার জন্য রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আবার নতুন করে হিসাব শুরু করতে চাইলে ‘সব মুছুন’ অপশন ব্যবহার করা যাবে।
থাকছে নিজের মতো সাজানোর সুযোগ
ভ্রমণ ম্যাপটি শুধু জেলার হিসাব দেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী ম্যাপ সাজাতেও পারবেন। ওয়েবসাইটে পাঁচটি আলাদা থিম রাখা হয়েছে। পছন্দের থিম বেছে নিয়ে ম্যাপের চেহারা পরিবর্তন করা যাবে।
এর পাশাপাশি ম্যাপে নিজের ছবি যুক্ত করার সুযোগ রয়েছে। চাইলে নিজের নামও লেখা যাবে। নাম দেওয়া বাধ্যতামূলক নয়। কেউ নাম না দিলে ম্যাপে ‘আমার বাংলাদেশ’ লেখা প্রদর্শিত হবে। এভাবে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ম্যাপটিকে আরও আলাদা করে নেওয়া যায়।
ডাউনলোড করে শেয়ার
জেলাগুলো নির্বাচন ও ম্যাপের সাজসজ্জা শেষ হলে সেটি সংরক্ষণের সুযোগও রয়েছে। ওয়েবসাইটের ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশন থেকে ম্যাপটি পিএনজি, জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যাবে। এরপর সেটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা সম্ভব।
ভ্রমণ ম্যাপটি তৈরি করেছেন ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিন। নিজের ঘুরে দেখা জেলার হিসাব এক জায়গায় রাখার পাশাপাশি বাকি জেলাগুলো ভ্রমণের পরিকল্পনা করতেও এই ম্যাপ কাজে লাগতে পারে। একই ওয়েবসাইটে বিশ্ব ভ্রমণের হিসাব রাখার জন্য ম্যাপ তৈরির সুবিধাও রয়েছে।

