তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হচ্ছে। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। কর্মসূচির আওতায় একজন নির্বাচিত উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন পেতে পারেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
এ কর্মসূচির লক্ষ্য উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উদ্যোক্তা নির্বাচন এবং অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। অনুদানের অর্থ বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে বিতরণের কথা রয়েছে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী তরুণ উদ্যোক্তাদের প্রথমে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করা যাবে। এ ছাড়া তফসিলি ব্যাংকের শাখা থেকেও ফরমের হার্ড কপি সংগ্রহের সুযোগ রয়েছে।
ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। যে ব্যাংকে আবেদন করা হবে, সেখানে আগে থেকেই হিসাব থাকা বাধ্যতামূলক নয়। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রশিক্ষণের সনদ থাকলে তার কপি এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলরের নাগরিক সনদ বা প্রত্যয়নপত্র দিতে হবে।
আবেদন জমা দেওয়ার পর উদ্যোক্তার ব্যবসায়িক ধারণা, সেটি বাস্তবায়নের সম্ভাবনা, বাজারের সুযোগ, আর্থিক পরিকল্পনা, উদ্যোক্তার সক্ষমতা এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বিবেচনা করে যাচাই-বাছাই করা হবে। এ প্রক্রিয়ায় ব্যাংকারদের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরাও যুক্ত থাকবেন।
তবে আবেদন করলেই সর্বোচ্চ ২০ লাখ টাকা পাওয়া যাবে এমন নয়। উদ্যোক্তার প্রকৃত ব্যবসায়িক প্রয়োজন ও প্রস্তাবিত ব্যয়ের ভিত্তিতে অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক নিজস্ব ঋণনীতি ও প্রচলিত বিধিবিধান অনুসরণ করে ঋণ অনুমোদনের ব্যবস্থা করবে।
এর আগে কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছিল। এবার ওই আট জেলা বাদে দেশের বাকি ৫৬ জেলার সব উপজেলার তরুণ উদ্যোক্তাদের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬। কর্মসূচির বিস্তারিত নীতিমালা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও এসএমই পোর্টালে পাওয়া যাবে।

