মধ্যপ্রদেশের আজনার নদী পরিষ্কার করতে গিয়ে এবার নিজেই শারীরিক সমস্যায় পড়েছেন পরিবেশকর্মী সুরেন্দ্র সিং চৌধুরী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিট্টু তাবাহি’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে দূষিত পানি, আবর্জনা ও বর্জ্যের সংস্পর্শে কাজ করার পর তাঁর হাত-পায়ে ত্বকের সমস্যা দেখা দিয়েছে।
২১ বছর বয়সী সুরেন্দ্র একাই রাজগড় জেলার আজনার নদীর একটি অংশ পরিষ্কারের উদ্যোগ নিয়েছিলেন। নদী থেকে প্লাস্টিকের বোতল, ব্যাগ, শ্যাওলা ও বিভিন্ন ধরনের আবর্জনা সরাতে গিয়ে তাঁকে দীর্ঘ সময় দূষিত পানির মধ্যে কাজ করতে হয়েছে। এ কাজে তিনি গ্লাভস ও বুট ব্যবহার করলেও দূষিত পানি ও পচনশীল বর্জ্যের সংস্পর্শ এড়াতে পারেননি।
সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে তাঁর হাত-পায়ের ত্বকের অবস্থা দেখা যায়। তাঁর ভাষ্য অনুযায়ী, হাত-পায়ে তীব্র চুলকানি, ত্বক উঠে যাওয়া, সংক্রমণ ও ব্যথার মতো সমস্যা হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, রাতে ঘুমানোর আগে তাঁকে ওষুধ নিতে হচ্ছে। শারীরিক সমস্যার মধ্যেও অবশ্য নদী পরিষ্কারের কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
এদিকে সুরেন্দ্রর কাজের প্রশংসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তাঁকে দূষিত পানির সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলা এবং আরও সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দিয়েছেন অনেকে।
আজনার নদী পরিষ্কারের এই উদ্যোগের মাধ্যমে সুরেন্দ্র এরই মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তবে নদী পরিষ্কার করতে গিয়ে তাঁর নিজের শরীরে দেখা দেওয়া সমস্যা এখন দূষিত জলাশয়ে কাজ করা ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টিও নতুন করে আলোচনায় এনেছে।

