দেউলিয়া হওয়ার পথে অনন্ত জলিল?

ব্যাংকঋণ পরিশোধে জটিলতার কারণে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত। তাঁর মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর একাধিক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ১০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়েছেন। ব্যবসা সচল রাখতে অংশীদার ও বিনিয়োগকারী খুঁজলেও এখন পর্যন্ত আশানুরূপ সাড়া পাননি তিনি।

এ পরিস্থিতির মধ্যে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ব্যাংকের নোটিশ অনুযায়ী, এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি টার্ম লোন ২০২৪ সালের আগস্টে পুনঃতফসিল করা হয়েছিল। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর অনন্ত জলিল ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন। তবে ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।

আইনি নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে পাওনা অর্থ পরিশোধের আহ্বান জানানো হয়েছে। তা না হলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ব্যাংক। এ ক্ষেত্রে হস্তান্তরযোগ্য দলিল আইন, ১৮৮১-এর সংশ্লিষ্ট ধারার কথাও উল্লেখ করা হয়েছে।

অনন্ত জলিলের দাবি, করোনার সময় কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা চালু রাখতে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল। পরে সেই ঋণের সুদসহ দেনার পরিমাণ বেড়েছে। ব্যবসা টিকিয়ে রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কয়েকজন চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা করেছেন তিনি। তবে তাতে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি।

এদিকে গ্যাস বিল বকেয়া ও গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের একটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাও ঘটেছে। অনন্ত জলিলের ভাষ্য, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন প্রতিকূলতার প্রভাবে তাঁর ব্যবসা সংকটে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top