খালাস পেলেন সোহেলের স্ত্রী স্বপ্না

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, রামিসার ময়নাতদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত ছিল বলে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে। সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য নথিও তার জবানবন্দিকে সমর্থন করেছে। এসব বিবেচনায় আদালত মনে করেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সোহেল রানার সম্পৃক্ততা নিয়ে সন্দেহের অবকাশ নেই।

আদালত আরও বলেন, শিশুটিকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিকভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। ফলে সোহেল রানার মৃত্যুদণ্ড কমানোর কোনো কারণ আদালত দেখেননি।

অন্যদিকে, সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়ার কারণও রায়ে ব্যাখ্যা করা হয়েছে। আদালত বলেন, সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ ও হত্যাকাণ্ডে স্বপ্নার সহযোগিতার কোনো তথ্য নেই। অন্য সাক্ষ্য-প্রমাণেও অপরাধ সংঘটনে তার কার্যকর সম্পৃক্ততার বিষয়টি প্রমাণিত হয়নি। শুধু ঘটনার সময় তিনি কক্ষে ছিলেন এ কারণে তাকে মূল অপরাধে সহযোগী হিসেবে দোষী সাব্যস্ত করা যায় না।

এ মামলায় নিম্ন আদালত দুই আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয় এবং দুই আসামি পৃথকভাবে জেল আপিল করেন। গত সোমবার (১৬ নভেম্বর) হাইকোর্টে তাদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। এরপর মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।

মামলার নথি অনুযায়ী, পল্লবীতে একই ভবনে বসবাসের সময় রামিসার ওপর এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর সোহেল পালিয়ে যান এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলাটির বিচারিক কার্যক্রমও দ্রুত শেষ করা হয়েছিল। অভিযোগ গঠনের পর এক দিনেই ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এরপর বিচারিক আদালত রায় দেন এবং দুই আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি জরিমানাও করা হয়।

হাইকোর্ট অবশ্য একদিনে ১৬ জনের সাক্ষ্যগ্রহণের বিষয়টি নিয়েও পর্যবেক্ষণ দিয়েছেন। আদালত বলেন, শিশু হত্যার মতো গুরুতর মামলার বিচার দ্রুত শেষ করা প্রয়োজন হলেও তাড়াহুড়ো করে বিচার সম্পন্ন করা উচিত নয়। দ্রুত বিচার ও ন্যায়বিচারের মধ্যে ভারসাম্য রাখার ওপর গুরুত্ব দেন আদালত।

রায় ঘোষণার সময় রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা হাইকোর্টে উপস্থিত ছিলেন। এর আগে তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি বহাল রাখার প্রত্যাশা জানিয়েছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top