ঘরে বসেই যেভাবে জমির নামজারি করবেন

ভূমি ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে ভূমি অফিসে সরাসরি না গিয়েই ঘরে বসে জমির খতিয়ান সংগ্রহ, নামজারি এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ পাবেন নাগরিকরা। এ জন্য দেশের ভূমি অফিসগুলোকে একটি কেন্দ্রীয় ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় জমির রেকর্ড, খতিয়ান ও হোল্ডিং-সংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, যাচাই ও সংশোধনের কাজ করা হবে। এ কাজের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)কে পরামর্শক হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ সেবার জন্য সরকারের ব্যয় হবে ৩৬২ কোটি টাকা।

ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলার ভূমি অফিসগুলোকে কেন্দ্রীয় ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত করা হবে। প্রকল্পটির মাধ্যমে ভূমি প্রশাসনকে কাগজবিহীন ও দালালমুক্ত করার লক্ষ্য রয়েছে। ২০২০ সালের জুলাইয়ে এ উদ্দেশ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল।

নতুন ব্যবস্থায় জমির বিভিন্ন রেকর্ড একটি ডিজিটাল তথ্যভান্ডারে সংরক্ষণ করা হবে। প্রতিটি খতিয়ানের সঙ্গে জমির মালিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও মোবাইল নম্বর যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এতে জমির মালিকানা যাচাই সহজ হবে। জমি কেনার আগে সংশ্লিষ্ট জমির মালিকানা সম্পর্কে তথ্য জানার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে জাল খতিয়ান ও ভুয়া দলিল তৈরির ঝুঁকি কমানোর প্রত্যাশা করা হচ্ছে।

বর্তমানে নামজারি, খতিয়ান সংগ্রহ কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধের মতো কাজে অনেক নাগরিককে ভূমি অফিসে যেতে হয়। কোনো কোনো ক্ষেত্রে একই কাজের জন্য একাধিকবার অফিসে যাতায়াত করতে হয়। নতুন ডিজিটাল ব্যবস্থা চালু হলে এসব সেবা অনলাইনে পাওয়ার সুযোগ তৈরি হবে। এতে নাগরিকদের সময় ও অর্থের ব্যয় কমার পাশাপাশি ভূমিসেবায় মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতাও কমতে পারে।

এর পাশাপাশি ভূমি জরিপ ও রেকর্ড ব্যবস্থাপনাকে আরও ডিজিটাল করার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি রেকর্ড সংশোধন ও হালনাগাদ, ই-নামজারি, জমাভাগ ও জমা একত্রীকরণসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা আরও দ্রুত ও সমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছে।

তবে অনলাইননির্ভর ভূমিসেবা ব্যবস্থায় দেশের সব নাগরিকের সমান সক্ষমতা না থাকার বিষয়টিও সামনে এসেছে। বিশেষ করে গ্রামাঞ্চলের বয়স্ক মানুষ এবং প্রযুক্তি ব্যবহারে অনভিজ্ঞ নাগরিকদের জন্য এ ধরনের সেবা গ্রহণ কঠিন হতে পারে। তাই ডিজিটাল ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার সুযোগ থাকলে নতুন পদ্ধতিতে ভূমিসেবা গ্রহণ আরও সহজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top