হেড দিয়ে মৃত্যু আর্জেন্টাইন ফুটবলারের

আর্জেন্টিনার যুব ফুটবলে ম্যাচ চলাকালে মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছেন ১৮ বছর বয়সী ফুটবলার আবেল নুনেজ। এজেইজা ফুটবল ক্লাবের হয়ে খেলতে গিয়ে পাওয়া আঘাতের পর হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) যুব ‘সি’ টুর্নামেন্টের পঞ্চম ডিভিশনের একটি ম্যাচে দুর্ঘটনাটি ঘটে। এজেইজা ফুটবল ক্লাবের হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলছিলেন নুনেজ। ম্যাচের একপর্যায়ে বল বিপদমুক্ত করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। আঘাতের পরই মাঠে জ্ঞান হারিয়ে পড়ে যান এই তরুণ খেলোয়াড়।

মাঠে উপস্থিত চিকিৎসাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে দ্রুত স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয় নুনেজকে। তার অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

ঘটনার পর ম্যাচটি স্থগিত করা হয়। একই দিনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ষষ্ঠ ডিভিশনের ম্যাচটিও বাতিল করা হয়। এ ঘটনায় শোক নেমে এসেছে এজেইজা ফুটবল ক্লাবসহ আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নুনেজ এজেইজা ফুটবল ক্লাবের যুব দলের খেলোয়াড় ছিলেন। তার মৃত্যুর খবর প্রকাশের পর ক্লাবের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। তরুণ এই ফুটবলারের আকস্মিক মৃত্যুতে সতীর্থ, ক্লাবসংশ্লিষ্ট ব্যক্তি ও ফুটবল অঙ্গনের অন্যরা শোক জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top