আবাসন নির্মাণ, অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন কারিগরি খাতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে বিদেশি কর্মীদের জন্য সুযোগ দিচ্ছে কানাডা। দেশটির ২০২৬ সালের এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় ট্রেড অকুপেশন বা কারিগরি পেশার ২৫টি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব পেশায় দক্ষতা ও কাজের অভিজ্ঞতা থাকা বাংলাদেশিরাও নির্ধারিত যোগ্যতা পূরণ করে কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারেন।
অগ্রাধিকার পাওয়া ২৫ পেশার মধ্যে রয়েছে, কনস্ট্রাকশন এস্টিমেটর, কনস্ট্রাকশন ম্যানেজার, হোম বিল্ডিং অ্যান্ড রেনোভেশন ম্যানেজার, মেশিনিস্ট ও মেশিনিং অ্যান্ড টুলিং ইন্সপেক্টর, শিট মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, গ্যাস ফিটার, কার্পেন্টার, ক্যাবিনেটমেকার, ব্রিকলেয়ার, কনস্ট্রাকশন মিলরাইট ও ইন্ডাস্ট্রিয়াল মেকানিক, হেভি-ডিউটি ইকুইপমেন্ট মেকানিক, হিটিং-রেফ্রিজারেশন-এয়ার কন্ডিশনিং মেকানিক, ইলেকট্রিক্যাল মেকানিক ও ওয়াটার ওয়েল ড্রিলার। তালিকায় আরও রয়েছে অন্যান্য কারিগরি পেশা, কংক্রিট ফিনিশার, ছাদ নির্মাণকর্মী, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, ফ্লোর কভারিং ইনস্টলার, তেল ও গ্যাস ড্রিলিংয়ের কনট্রাক্টর-সুপারভাইজার এবং খুচরা ও পাইকারি কসাই।
এই ক্যাটাগরিতে বিবেচিত হতে গত তিন বছরের মধ্যে তালিকাভুক্ত কোনো একটি পেশায় অন্তত ১২ মাসের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সমপরিমাণ খণ্ডকালীন কাজের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য। অভিজ্ঞতা কানাডা কিংবা অন্য কোনো দেশ, দুই জায়গাতেই অর্জিত হতে পারে। তবে প্রার্থীকে এক্সপ্রেস এন্ট্রির সংশ্লিষ্ট কোনো একটি অভিবাসন কর্মসূচির যোগ্যতা পূরণ করতে হবে।
বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
প্রথমে আবেদনকারীকে নিজের পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যাশনাল অকুপেশন ক্লাসিফিকেশন (NOC) নির্ধারণ করতে হবে এবং যোগ্যতা যাচাই করতে হবে। এরপর অনুমোদিত ইংরেজি বা ফরাসি ভাষা পরীক্ষায় অংশ নিয়ে প্রয়োজনীয় স্কোর অর্জন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা বিদেশে অর্জিত হলে প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত সনদ মূল্যায়ন (ECA) করাতে হবে।
এরপর কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (IRCC)-এর অনলাইন সিস্টেমে Express Entry প্রোফাইল তৈরি করে তথ্য জমা দিতে হবে। প্রোফাইল জমা দেওয়ার পর যোগ্য প্রার্থীদের একটি পুলে রাখা হয় এবং তাদের Comprehensive Ranking System (CRS) স্কোর অনুযায়ী র্যাংক করা হয়। পরবর্তী সময়ে নির্দিষ্ট ড্রতে নির্বাচিত হলে স্থায়ী বসবাসের জন্য আবেদন করার আমন্ত্রণ দেওয়া হয়।
আমন্ত্রণ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী বসবাসের আবেদন অনলাইনে জমা দিতে হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র, ভাষা পরীক্ষার ফল, কাজের অভিজ্ঞতার প্রমাণ, শিক্ষাগত নথি, পুলিশ সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় দলিল দিতে হয়। আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে বায়োমেট্রিকসও দিতে হতে পারে।
তবে শুধু ২৫ পেশার কোনো একটিতে কাজের অভিজ্ঞতা থাকলেই কানাডায় যাওয়ার নিশ্চয়তা নেই। ট্রেড ক্যাটাগরিতে নির্বাচনের পাশাপাশি প্রার্থীকে সংশ্লিষ্ট Express Entry কর্মসূচির শর্ত পূরণ করতে হবে। কানাডার ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রামের ক্ষেত্রে সাধারণত গত পাঁচ বছরে অন্তত দুই বছরের দক্ষ ট্রেডের কাজের অভিজ্ঞতা এবং নির্ধারিত ভাষাগত যোগ্যতা প্রয়োজন। এ ছাড়া কমপক্ষে এক বছরের বৈধ চাকরির প্রস্তাব অথবা কানাডার কোনো প্রদেশ, অঞ্চল বা ফেডারেল কর্তৃপক্ষের দেওয়া যোগ্যতার সনদ থাকতে হয়।

