ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। নোটিশে কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়া এবং পরবর্তী বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
নোটিশের প্রাপক হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে রাখা হয়েছে। সংশ্লিষ্টদের কাছে রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
আইনি নোটিশে বলা হয়েছে, আইনের শাসনের নীতি অনুযায়ী দেশের সব নাগরিকের জন্য আইন সমানভাবে প্রযোজ্য। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী শেখ হাসিনারও আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গোপনীয়তা, জাতীয় নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
নোটিশদাতা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কয়েকটি প্রক্রিয়ার প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে প্রথমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর কথা বলা হয়েছে। ওই পত্রে শেখ হাসিনার আইনগত অধিকার ও ন্যায়বিচার পাওয়ার বিষয়টি উল্লেখ করে তাকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতের সহযোগিতা চাওয়ার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যু করে তাকে দেশে ফেরানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে ফেরানোর পাশাপাশি পুরো যাত্রায় বাংলাদেশ পুলিশের নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। নোটিশে দেশে ফেরার পর তার নিরাপত্তা ও অবস্থানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
এ জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈতৃক বাসভবনকে বিশেষ সাব-জেল বা উপ-কারাগার হিসেবে ঘোষণার প্রস্তাব রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা আইন ও জেল কোড অনুসরণ করে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ব্যবস্থা নিতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। ঢাকায় বিমান অবতরণের পর তাকে পুলিশের হেলিকপ্টারে সরাসরি টুঙ্গিপাড়ার প্রস্তাবিত সাব-জেলে নেওয়ার কথাও বলা হয়েছে।
নোটিশে জাতীয় নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য থাকার বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে। প্রতিবেশী দেশে সাবেক সরকারপ্রধানের দীর্ঘ অবস্থান রাষ্ট্রীয় গোপনীয়তা প্রকাশের ঝুঁকি তৈরি করতে পারে বলেও নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
নোটিশদাতা আরও উল্লেখ করেছেন, এ উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার বা শেখ হাসিনার পক্ষে-বিপক্ষে অবস্থানের সম্পর্ক নেই। সংবিধানের ২১ অনুচ্ছেদের ১ উপধারায় রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার যে দায়িত্বের কথা বলা হয়েছে, সেই সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই তিনি নিরপেক্ষভাবে নোটিশটি পাঠিয়েছেন বলে উল্লেখ করেন।
নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিয়ে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার কথা জানানো হয়েছে।

