সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা নূরুল ইসলাম নাহিদকে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাতে ওই বাসা থেকে নাহিদকে আটক করে উত্তরা পশ্চিম থানার একটি দল। তার আটকের বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর নিশ্চিত করেছেন।

নূরুল ইসলাম নাহিদ দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। স্বাধীনতার পর তিনি বামপন্থী রাজনীতিতে সক্রিয় হন। ১৯৯১ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগ দেন।

১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন নাহিদ। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও একই আসন থেকে জয় পান। আওয়ামী লীগ সরকারের ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

শিক্ষামন্ত্রী থাকাকালে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং বিনামূল্যে পাঠ্যবই বিতরণসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হয়। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ইউনেস্কোর ৩৮তম সাধারণ সম্মেলনের সহসভাপতির দায়িত্বও পালন করেন।

এদিকে নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধান চলছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। সর্বশেষ গত ১২ অক্টোবর তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top