জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্য গড়ে তুলতে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক নাশকতা ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় বা সংলাপ হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় ইতোমধ্যে সংলাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হতে পারে। তবে বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত নয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লন্ডন সফর শেষে রোববার দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফেরার পর বৈঠকের সময় নির্ধারণ করা হতে পারে।
অন্যদিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়া যাবেন এবং ২৬ নভেম্বর দেশে ফিরতে পারেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তাঁর দেশে ফেরার পরও সংলাপের কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে সংলাপে কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার সুনির্দিষ্ট বিষয় কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সরকারের পাশাপাশি বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলোও জানিয়েছে, বিষয়টি বর্তমানে প্রস্তুতি ও আলোচনার পর্যায়ে রয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যের বিষয়টি সামনে এসেছে। এসব পরিস্থিতি মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী সংসদে তাঁর সমাপনী বক্তৃতায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছিলেন। বর্তমান সংলাপের উদ্যোগকে সেই আহ্বানের ধারাবাহিকতা হিসেবে দেখছেন বিএনপি-সংশ্লিষ্টরা।
এদিকে সংলাপের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে তারা ইতিবাচকভাবে দেখছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীও প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়েছে। তবে দলটির নেতারা জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন।
এমন পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের মাধ্যমে জাতীয় ঐক্যের উদ্যোগ কতটা এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

