গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম!

রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে রোববার দিবাগত রাতে বিদেশ যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুইডেন আসলামকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। তিনি থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠতে বিমানবন্দরে গিয়েছিলেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করার সময় তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

প্রথমে তাঁকে তেজগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরে সোমবার নিউমার্কেট এলাকায় টিটন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, টিটন হত্যা মামলার তদন্তে সুইডেন আসলামের নাম উঠে আসায় তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালতে আসলামকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের রমনা জোনাল টিমের উপপরিদর্শক মো. ইরফান খান। পুলিশের আবেদনে বলা হয়, মামলার মূল রহস্য উদ্‌ঘাটন, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন। মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে কয়েকজনের নাম উঠে আসে। পুলিশ সে সময় ধারণা করেছিল, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার বিরোধের জেরে টিটনকে হত্যা করা হয়ে থাকতে পারে।

সুইডেন আসলাম দীর্ঘদিন ধরে ঢাকার অপরাধজগতের আলোচিত নাম। বিভিন্ন মামলায় দীর্ঘ সময় কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। প্রায় দুই বছর পর বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে আবার গ্রেপ্তার হলেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নব্বইয়ের দশকে রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধজগতের সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ ছিল। দীর্ঘ কারাবাসের পর মুক্তি পাওয়ার পরও তাঁকে ঘিরে বিভিন্ন অভিযোগের কথা জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top