পুরুষের অণ্ডকোষ অপসারণ করলে আয়ু বাড়তে পারে, এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়। তবে গবেষণাটি মানুষের ওপর নয়, পুরুষ ইঁদুরের ওপর পরিচালিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক বয়সে অণ্ডকোষ অপসারণ করা ইঁদুরের আয়ু প্রায় ৩৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টার অ্যাট সান আন্তোনিওর বার্ধক্যবিষয়ক গবেষক জেমস নেলসন ও তাঁর সহকর্মীরা গবেষণাটি পরিচালনা করেন। গবেষণায় একই বংশধারার পুরুষ ইঁদুরকে বয়সভেদে তিনটি দলে ভাগ করে অণ্ডকোষ অপসারণ করা হয়। একটি দলের অস্ত্রোপচার করা হয় বয়ঃসন্ধির আগে, দ্বিতীয় দলের বয়ঃসন্ধির পর এবং তৃতীয় দলের ২৪০ দিন বয়সে। গবেষকদের হিসাবে ২৪০ দিন বয়সী ইঁদুরের বয়স মানুষের প্রায় ৩০ বছরের সমান।
ফলাফলে দেখা যায়, বয়ঃসন্ধির আগে অণ্ডকোষ অপসারণ করা ইঁদুরের আয়ু প্রায় ১৯ শতাংশ বেড়েছে। বয়ঃসন্ধির পর অস্ত্রোপচার করা ইঁদুরের ক্ষেত্রে বৃদ্ধি ছিল প্রায় ২৬ শতাংশ। সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গেছে প্রাপ্তবয়স্ক বয়সে অস্ত্রোপচার করা ইঁদুরের ক্ষেত্রে।তাদের আয়ু প্রায় ৩৩ শতাংশ বেড়েছে। অর্থাৎ, দীর্ঘায়ুর জন্য অণ্ডকোষ অপসারণের প্রভাব শুধু জীবনের শুরুর দিকেই সীমাবদ্ধ নয়; বরং অপেক্ষাকৃত বেশি বয়সেও এর প্রভাব দেখা যেতে পারে।
গবেষকদের এই ফলাফল প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে। আগে ধারণা করা হতো, পুরুষের অণ্ডকোষের কারণে আয়ুর ওপর যে নেতিবাচক প্রভাব তৈরি হয়, তা কমাতে হলে জীবনের শুরুতেই অণ্ডকোষ অপসারণ করতে হবে। কিন্তু নতুন গবেষণায় প্রাপ্তবয়স্ক ইঁদুরের ক্ষেত্রেও উল্লেখযোগ্য দীর্ঘায়ুর প্রভাব দেখা গেছে। গবেষকদের মতে, অণ্ডকোষ থেকে নিঃসৃত কোনো উপাদান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের মৃত্যুঝুঁকিতে ভূমিকা রাখতে পারে।
মানুষসহ অনেক স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে সাধারণত পুরুষের তুলনায় নারীরা বেশি দিন বাঁচেন। বয়সজনিত বিভিন্ন রোগের ক্ষেত্রেও পুরুষদের ঝুঁকি তুলনামূলক বেশি। এই পার্থক্যের পেছনে অণ্ডকোষের ভূমিকা থাকতে পারে এমন ধারণা আগের কিছু গবেষণাতেও উঠে এসেছে। ২০২৫ সালে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর তথ্য বিশ্লেষণ করা একটি গবেষণাতেও পুরুষের নির্বীজন বা অণ্ডকোষ অপসারণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক পাওয়া যায়।
তবে নতুন গবেষণায় অণ্ডকোষ অপসারণের পর ইঁদুরের আয়ু কেন বাড়ল, তার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। গবেষকদের পর্যবেক্ষণে অস্ত্রোপচারের পর ইঁদুরগুলোর শারীরিক সক্ষমতার বড় কোনো উন্নতির স্পষ্ট প্রমাণও পাওয়া যায়নি। বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শরীরে বিভিন্ন পরিবর্তন স্বাভাবিকভাবেই চলতে থাকে। এখন গবেষকেরা ইঁদুরগুলোর মৃত্যুর কারণ বিশ্লেষণ করে অণ্ডকোষ থেকে নিঃসৃত কোনো নির্দিষ্ট উপাদান দীর্ঘায়ুর সঙ্গে সম্পর্কিত কি না, তা খুঁজে দেখার পরিকল্পনা করছেন।
অণ্ডকোষ থেকে পুরুষের শরীরে উৎপন্ন টেস্টোস্টেরনের বড় অংশ আসে। তবে এই গবেষণার ফল থেকে টেস্টোস্টেরনই আয়ু কমানোর জন্য দায়ী এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। কারণ অণ্ডকোষ অপসারণের ফলে শরীরে একই সঙ্গে একাধিক পরিবর্তন ঘটে।
গবেষকদের আশা, অণ্ডকোষ অপসারণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্কের পেছনের জৈবিক প্রক্রিয়া শনাক্ত করা গেলে ভবিষ্যতে অস্ত্রোপচার ছাড়াই একই ধরনের প্রভাব তৈরি করতে পারে এমন চিকিৎসা বা ওষুধ উদ্ভাবনের সুযোগ তৈরি হতে পারে। তবে গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে এবং মানুষের ক্ষেত্রে এ ফল প্রয়োগ করার মতো পর্যায়ে পৌঁছায়নি।

