স্বর্ণের আগের দামে ফিরতে যতদিন লাগবে

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। গত এক সপ্তাহে মূল্যবান এই ধাতুটির দাম প্রায় ৯ দশমিক ৪ শতাংশ কমেছে, যা গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের কাছাকাছি নেমে এসেছে। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, এই গুরুত্বপূর্ণ মূল্যস্তর ভেঙে গেলে দাম আরও কমে ৩ হাজার ৩০০ ডলারে নামতে পারে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সপ্তাহের শেষ দিকে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে দাঁড়ায় ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে। এর আগে একপর্যায়ে দাম ৩ হাজার ৫০২ দশমিক ৪৯ ডলারে নেমেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের প্রকৃত মুনাফার হার ২ দশমিক ৮৮ শতাংশে থাকা এবং টানা চার সপ্তাহ ডলারের দর বাড়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে ফেডারেল রিজার্ভের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পক্ষে অধিকাংশ নীতিনির্ধারকের অবস্থানও উঠে এসেছে।

বাজার বিশ্লেষণে বলা হচ্ছে, প্রতি আউন্স ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার স্বর্ণের জন্য স্বল্পমেয়াদি প্রতিরোধস্তর হতে পারে। অন্যদিকে, ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে গেলে পরবর্তী সম্ভাব্য অবস্থান হতে পারে ৩ হাজার ৩০০ ডলার। আগামী ২৫ নভেম্বর প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক বা পিসিই প্রতিবেদনও স্বর্ণের দামের পরবর্তী গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে, ২০২৬ সালের জানুয়ারিতে রেকর্ড করা সর্বোচ্চ দামের তুলনায় স্বর্ণের মূল্য ইতিমধ্যে প্রায় ৩২ শতাংশ কমেছে। তবে অতীতের বাজারচক্র বলছে, বড় ধরনের দরপতনের পর আগের সর্বোচ্চ দামে ফিরতে স্বর্ণকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। লাইভমিন্টে প্রকাশিত ফান্ডসইন্ডিয়ার বিশ্লেষণ অনুযায়ী, অতীতে ৩০ শতাংশের বেশি দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে সাধারণত ৬ থেকে ৮ বছর সময় নিয়েছে।

এর মধ্যে ১৯৮০ সালের বাজারচক্রে স্বর্ণের দাম ৫৭ শতাংশ কমার পর আগের সর্বোচ্চ দামে ফিরতে প্রায় ১০ বছর লেগেছিল। ১৯৯৬ সালের দরপতনের পর সময় লাগে ৬ বছর ৪ মাস। আর ২০১২ সালের বাজারচক্রে স্বর্ণের দাম ২৯ শতাংশ কমার পর ২০১৯ সালের জুনে আগের সর্বোচ্চ অবস্থানে ফিরে আসে; এ ক্ষেত্রে সময় লেগেছিল ৬ বছর ৭ মাস।

অতীতের এসব নজিরের ভিত্তিতে বর্তমান দরপতনের পর স্বর্ণের দাম আগের রেকর্ড উচ্চতায় ফিরতে ৬ থেকে ৮ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে বিশ্লেষণে উঠে এসেছে। তবে এটি নিশ্চিত পূর্বাভাস নয়। বিশ্ব অর্থনীতি, ডলারের গতিপথ, সুদের হার, মূল্যস্ফীতি এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতার মতো বিভিন্ন বিষয়ের ওপর ভবিষ্যতে স্বর্ণের বাজারের গতি নির্ভর করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top