বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। ‘কাঠামোগত অতিরিক্ত শিল্প সক্ষমতা’ মোকাবিলার কথা উল্লেখ করে বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এ প্রস্তাব দেয়। এতে বাংলাদেশের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্কের কথা বলা হয়েছে। তবে বিদ্যমান বাণিজ্য চুক্তি ও আগের শুল্ক কাঠামোর কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যে প্রকৃত শুল্কের বোঝা কতটা বাড়বে, তা এখনো স্পষ্ট নয়।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর আওতায় ১৬টি দেশ ও অঞ্চলের বিরুদ্ধে প্রায় আট মাস ধরে তদন্ত চালানোর পর এই প্রস্তাব দেওয়া হয়েছে। তদন্তের আওতায় থাকা ১৬টির মধ্যে বাংলাদেশ, চীন, ভারত, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনামের ওপর নতুন শুল্ক প্রস্তাব করা হয়েছে। মেক্সিকো ও নরওয়ের ক্ষেত্রে আপাতত কোনো শুল্ক প্রস্তাব করা হয়নি।

ইউএসটিআর জানিয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে শিল্পনীতি, উৎপাদন ও রপ্তানি বাড়াতে প্রণোদনা, শ্রম সুরক্ষার ঘাটতি এবং অ-বাজার অর্থনীতির দেশ থেকে আমদানি ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরির মতো বিষয়কে তদন্তে বিবেচনা করা হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক ও অ্যাপারেল খাতকে এর সঙ্গে যুক্ত করা হয়েছে।

তবে প্রস্তাবিত শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। ফেডারেল রেজিস্টারে বিজ্ঞপ্তি প্রকাশের পর গণশুনানি ও জনমত গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে আগামী বছরের জানুয়ারির আগে নতুন শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা কম।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরও জানিয়েছেন, নতুন শুল্ক আগের কিছু শুল্কের সঙ্গে সরাসরি যোগ হবে না। কোন ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও নতুন প্রস্তাবিত হারের মধ্যে বেশি হার প্রযোজ্য হবে, সেটিও নির্ধারিত কাঠামোর ওপর নির্ভর করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top