মহিলা লীগ নেত্রীর সাথে অডিও ভাইরাল হওয়া ওসি প্রত্যাহার, যা বলেছিলেন

ফেনীর দাগনভূঞা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের এক নেত্রীর সঙ্গে তাঁর কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বুধবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।

ছড়িয়ে পড়া অডিওতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি ফয়জুল আজীম নোমানের কথোপকথন শোনা যায়। একটি ফোনালাপে তাঁকে ওই নারী নেত্রীকে নিজের বাংলোতে আসতে বলতে শোনা যায়। সেখানে যাওয়ার জন্য সিএনজি ভাড়া করে আসা এবং পথের নির্দেশনাও দেন তিনি। কথোপকথনের এক পর্যায়ে ওসি তাঁকে আশ্বস্ত করেন যে, তাঁর দায়িত্বে কোনো সমস্যা হবে না।

অন্য একটি ফোনালাপে মামলা, গ্রেপ্তার এবং অর্থ লেনদেনের বিষয় উঠে আসে। তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, তাঁকে গ্রেপ্তারের পর দুই লাখ টাকা দিতে হয়েছে এবং জামিনের জন্যও অর্থ ব্যয় হয়েছে। এ ছাড়া তাঁর পরিবারের সদস্যদের নিয়ে নানা অভিযোগও তিনি ওসির কাছে তুলে ধরেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর মঙ্গলবার রাতে তাঁদের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিও ছড়িয়ে পড়ার পর তাসকিরা তানিন সনি ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে আরও অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ফয়জুল আজীম নোমান। তিনি অডিওতে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করলেও দাবি করেন, আসামিকে গ্রেপ্তারের কৌশল হিসেবে তাঁকে বাসায় আসতে বলা হয়েছিল এবং পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

এদিকে পুলিশ জানিয়েছে, অডিওটি যাচাই-বাছাই ও পরবর্তী তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যাহারের পর ওসিকে আপাতত জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top