চলে এলো ডেঙ্গু দমনের নতুন উপায়!

ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন বা কীটনাশক ব্যবহারের প্রচলিত পদ্ধতির বাইরে নতুন কৌশলে বড় সাফল্য পেয়েছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। এডিস ইজিপ্টি মশার শরীরে ‘ওলবাকিয়া’ নামের একটি ক্ষতিহীন ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে। ব্রাজিলে হাজারো শিশুর ওপর চালানো বড় একটি গবেষণায় এই পদ্ধতিতে ডেঙ্গু সংক্রমণ প্রায় ৬৮ দশমিক ৫ শতাংশ কমেছে।

২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দক্ষিণ-পূর্ব ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে গবেষণাটি পরিচালিত হয়। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের গবেষকেরা এতে অংশ নেন। গবেষকেরা ওলবাকিয়া ব্যাকটেরিয়াবাহী লাখ লাখ এডিস মশা তৈরি করে নির্দিষ্ট এলাকায় ছেড়ে দেন।

ওলবাকিয়া মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে মশার শরীরে থাকা এই ব্যাকটেরিয়া ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার মতো ভাইরাসের বংশবিস্তার বাধাগ্রস্ত করতে পারে। পৃথিবীর প্রায় অর্ধেক কীটপতঙ্গের শরীরে প্রাকৃতিকভাবে ওলবাকিয়া থাকলেও ডেঙ্গু ছড়ানোর জন্য দায়ী এডিস ইজিপ্টি মশার শরীরে সাধারণত এটি থাকে না।

গবেষণায় পরিবর্তিত মশা ছাড়া এলাকায় বসবাসকারী এবং প্রচলিত কীটনাশক ব্যবহারের আওতায় থাকা এলাকার শিশুদের মধ্যে মোট ৫ হাজার ৭০০ শিশুকে দৈবচয়নের ভিত্তিতে পরীক্ষা করা হয়। নিয়মিত রক্ত পরীক্ষায় ওলবাকিয়াবাহী মশা ছাড়া এলাকায় মাত্র ৪ শতাংশ নমুনায় ডেঙ্গু শনাক্ত হয়। অন্যদিকে, তুলনামূলক এলাকায় এই হার ছিল ১৪ শতাংশ। অর্থাৎ দুই এলাকার ফলাফলের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়।

গবেষণার ফল অনুযায়ী, ওলবাকিয়া পদ্ধতি ব্যবহারের ফলে ডেঙ্গু সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ এবং চিকুনগুনিয়ার সংক্রমণ ৭৩ দশমিক ৩ শতাংশ কমেছে। গবেষণার সময় বেলো হরিজন্তে শহরে ডেঙ্গুর বড় ধরনের প্রাদুর্ভাব চলছিল। এমন পরিস্থিতিতেও পদ্ধতিটি কার্যকর হওয়ায় গবেষকেরা এটিকে আশাব্যঞ্জক ফল হিসেবে দেখছেন।

এই পদ্ধতি অবশ্য ব্রাজিলে প্রথমবার ব্যবহার করা হয়নি। ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রাম দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে ওলবাকিয়া বহনকারী মশা ব্যবহারের কর্মসূচি চালিয়ে আসছে। কলম্বিয়া ও ব্রাজিলের নিতেরোইসহ বিভিন্ন এলাকায় এর আগের প্রয়োগেও ডেঙ্গু সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমার তথ্য পাওয়া গেছে। একটি কর্মসূচির প্রকাশিত তথ্যে প্রায় ১০ লাখ মানুষের মধ্যে ডেঙ্গু সংক্রমণ ৯২ শতাংশ কমার কথা বলা হয়েছে।

গবেষকদের মতে, কীটনাশক ছিটানোর তুলনায় এই পদ্ধতি দীর্ঘমেয়াদে কার্যকর এবং পরিবেশের জন্য তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে। লক্ষ্য হলো, নির্দিষ্ট এলাকায় ওলবাকিয়া বহনকারী মশার স্থায়ী স্থানীয় জনগোষ্ঠী তৈরি করা। ফলে ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে প্রচলিত মশা নিধনের পাশাপাশি এই জৈবিক পদ্ধতিও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top