ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে এক তরুণের পকেটে টাকা না পেয়ে তাঁকে মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ নিতে বাধ্য করেছে ছিনতাইকারীরা। পরে সেই ঋণের টাকা এটিএম বুথ থেকে তুলে নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) চেন্নাইয়ের পল্লিকরনাই এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণের নাম অজয়। তাঁর বয়স ২১ বছর। পুলিশের তথ্য অনুযায়ী, চারজনের ওই দলটি ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হয়েছিল। পথে অজয়কে লক্ষ্য করে তারা। এরপর তাঁকে জোর করে একটি অটোরিকশায় তুলে নেয় এবং সঙ্গে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র দিতে বলে।
কিন্তু অজয়ের কাছে সে সময় কোনো টাকা বা মূল্যবান সামগ্রী ছিল না। বিষয়টি ছিনতাইকারীদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাঁকে মারধরও করা হয়। এরপর টাকা আদায়ের জন্য অভিনব পদ্ধতি অবলম্বন করে তারা।
অজয়কে অটোরিকশায় বসিয়েই মোবাইল ফোনের একটি অ্যাপ ব্যবহার করে ঋণের আবেদন করতে বাধ্য করে ছিনতাইকারীরা। অল্প সময়ের মধ্যেই ঋণের আবেদন অনুমোদিত হয়। এরপর তাঁকে কাছের একটি এটিএম বুথে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঋণের টাকা তুলে নেয় দলটি।
ঋণের টাকা হাতে পাওয়ার পর ছিনতাইকারীরা অজয়কে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তবে যাওয়ার সময় তাঁর মোবাইল ফোনটিও নিয়ে যায় তারা। সব মিলিয়ে সদ্য তোলা ৯ হাজার ৫০০ ভারতীয় রুপি এবং অজয়ের মোবাইল ফোন ছিনিয়ে নেয় অভিযুক্তরা।
ঘটনার পর পল্লিকরনাই থানায় মামলা করা হয়। পুলিশ তদন্তে নেমে ছিনতাইয়ে জড়িত চারজনকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাই আবুথাকির ওরফে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালান (২৩) ও সঞ্জয় (২১)। তাঁদের সবার বাড়ি চেন্নাইয়ে।
পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত চলছে।

