আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আগামী ২০ ডিসেম্বর বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তেভেজের আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ। আয়োজকদের পক্ষ থেকে মেসির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
‘এল অ্যাপাচে’ নামে পরিচিত তেভেজ ২০২২ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। তবে তাঁর খেলোয়াড়ি জীবনের আনুষ্ঠানিক বিদায়ী আয়োজন এত দিন হয়নি। এবার নিজের দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন সময়ের সতীর্থ ও বন্ধুদের নিয়ে বোকা জুনিয়র্সের মাঠে শেষবারের মতো মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি। ম্যাচটির নাম দেওয়া হয়েছে ‘দ্য লাস্ট ড্যান্স’।
মেসি ও তেভেজ আর্জেন্টিনা জাতীয় দলে দীর্ঘ সময় সতীর্থ ছিলেন। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে তাঁরা একসঙ্গে খেলেছেন। তেভেজের বিদায়ী ম্যাচে মেসির অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ম্যাচটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে। আয়োজকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে স্বাগত জানিয়ে তাঁর অংশগ্রহণের ঘোষণা দেয়।
তেভেজের বিদায়ী ম্যাচে মেসি ছাড়াও একাধিক সাবেক তারকার উপস্থিতি নিশ্চিত হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা সার্জিও আগুয়েরো, হুয়ান রোমান রিকেলমে, মার্টিন পালার্মো ও লিয়ান্দ্রো পারেদেস। এছাড়া ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন এবং ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডও থাকছেন।
তবে এই আয়োজনকে ঘিরে সবচেয়ে বড় আলোচনা এখন ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। তেভেজ ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সতীর্থ ছিলেন। তাই বিদায়ী ম্যাচে পর্তুগিজ তারকাকেও মাঠে দেখতে চান তিনি। তেভেজের নিজের বক্তব্য রোনালদোর সম্ভাব্য অংশগ্রহণের কথা উঠে এলেও তাঁর উপস্থিতি এখনো নিশ্চিত হয়নি।
রোনালদো শেষ পর্যন্ত খেলতে রাজি হলে মেসি ও রোনালদোকে একই ম্যাচে একসঙ্গে দেখার সুযোগ তৈরি হবে। এমনকি তেভেজ তাঁদের একই দলে খেলানোর ইচ্ছার কথাও জানিয়েছেন। তবে আপাতত নিশ্চিত খবর হলো, ডিসেম্বরের ওই বিশেষ রাতে লা বোম্বোনেরায় মেসির উপস্থিতি থাকছে।
তেভেজের বর্ণাঢ্য ক্যারিয়ারে বোকা জুনিয়র্স ছাড়াও ওয়েস্ট হ্যাম, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের মতো ক্লাব রয়েছে। আর্জেন্টিনার হয়ে তিনি ৭৬ ম্যাচ খেলেছেন এবং করেছেন ১৩ গোল। এবার নিজের প্রিয় ক্লাব বোকা জুনিয়র্সের মাঠেই সতীর্থ, বন্ধু ও সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়ি জীবনের বিদায় নেওয়ার অপেক্ষায় আছেন তিনি।

