আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না: মির্জা ফখরুল

তরুণ প্রজন্মকে ফুটবল সমর্থনের আবেগের বাইরে বেরিয়ে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধুমাত্র আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থন নিয়ে ব্যস্ত থাকলে দেশের উন্নয়ন হবে না; বরং নতুন প্রজন্মকে এমন কিছু করতে হবে, যা নিজের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখবে।

শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী চুনিহাড়ী গ্রামে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “খালি আর্জেন্টিনা আর ব্রাজিলের লড়াই নিয়ে মেতে থাকলে লাভ হবে না। তাতে পেটে ভাত আসবে না। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন তরুণরা নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও ব্যবসায় মনোযোগ দেবে। এমন উদ্যোগ নিতে হবে, যাতে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি হয়।”

তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে এমনভাবে গড়ে উঠতে হবে যাতে চাকরির জন্য হাহাকার করতে না হয় বা পরিবারের ওপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়। উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগই ভবিষ্যতের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশীয় প্রযুক্তির প্রসার নিয়ে মন্ত্রী বলেন, উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি সৌরশক্তিচালিত সেচপাম্প বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এ প্রযুক্তি কৃষকদের সেচ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাবে, ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরতা হ্রাস করবে এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সলেমান আলীর প্রশংসা করে তিনি বলেন, “তিনি আমাদের দেশের গর্ব। তার মতো উদ্ভাবকরাই তরুণদের জন্য অনুপ্রেরণা। সরকার কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে এবং এ ধরনের উদ্ভাবনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।”

অনুষ্ঠানে উদ্বোধনের আগে মির্জা ফখরুল নিজে সোলার সেচপাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্ভাবকের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সলেমান আলী বলেন, বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে সৌরশক্তির ব্যবহার বাড়িয়ে স্বল্প খরচে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই তার লক্ষ্য। সরকারি সহায়তা পেলে এই প্রযুক্তি দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top