ইরানের সব বিমান সংস্থা বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে বিশ্বজুড়ে ইরানের সব বিমান সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে আল জাজিরা।

বেসেন্ট বলেন, ‘সেপ্টেম্বরের ২৩ তারিখ থেকে বিশ্বজুড়ে ইরানের সব বিমান সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যাবে।’ এই হুঁশিয়ারির আওতায় থাকছে সেসব বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান, টিকিট বিক্রেতা ও সেবাদানকারী প্রতিষ্ঠান, যারা ইরানি উড়োজাহাজ সংস্থাগুলোকে সহায়তা দেবে। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ‘তারা অবতরণ করলে আপনি তাদের জ্বালানি দিতে পারবেন না, অবতরণ সেবা দিতে পারবেন না, টিকিট বিক্রি করতে পারবেন না, নয়তো আপনাকে ডলার ব্যবস্থা থেকে বাদ দেওয়া হবে।’

এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরানের অবশিষ্ট বিমান সংস্থা ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের ব্যাপক অর্থনৈতিক চাপ প্রয়োগ কৌশলেরই অংশ এটি। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান পরিবহন খাত এমনিতেই সীমাবদ্ধ অবস্থায় রয়েছে।

এই চাপ প্রয়োগ প্রক্রিয়ায় চীনকে যুক্ত করার চেষ্টাও চলছে। বেসেন্ট জানান, তিনি চীনের ভাইস প্রিমিয়ার হি লিফেংয়ের সঙ্গে বৈঠক করেছেন এবং এ বিষয়ে চীনা কর্মকর্তাদের সম্পৃক্ততাকে ‘ভেরি এনগেজড’ বা যথেষ্ট সক্রিয় বলে বর্ণনা করেন। এ ছাড়া ইরানের ওপর নিষেধাজ্ঞা মেনে চলা নিয়ে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার গভর্নর পান গংশেংয়ের সঙ্গেও ওয়াশিংটনের আলোচনা চলছে।

আগামী বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top