এআই ব্যবহার করে পরীক্ষায় নকল, হয়েছেন প্রথম

দক্ষিণ কোরিয়ায় জাতীয় কর হিসাবরক্ষক হওয়ার যোগ্যতা পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করে প্রথম হওয়ার কথা স্বীকার করেছেন এক পরীক্ষার্থী। ‘হান’ পদবির ওই ব্যক্তি ১৬০টি প্রশ্নের মধ্যে ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রায় নিখুঁত ফল করেছিলেন। তার ফলাফল নিয়ে শুরু থেকেই সন্দেহ থাকলেও প্রথম দিকে অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি। পরে আইনজীবীর মাধ্যমে নিজের জালিয়াতির কথা স্বীকার করেন।

এ বছরের এপ্রিল ও জুলাইয়ে পরীক্ষাটির দুই ধাপ অনুষ্ঠিত হয়। দুই ধাপেই প্রথম হন হান। প্রথম ধাপের ৪০০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৩৯৭ দশমিক ৫ নম্বর। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল হওয়ায় তার ফলাফল নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এ সময় তার বিরুদ্ধে স্মার্ট চশমা ব্যবহার করে নকলের অভিযোগও উঠেছিল। তবে তখন তিনি তা অস্বীকার করেন।

পরে ‘অ্যাটর্নি লি ডন-হো’ নামের একটি ইউটিউব চ্যানেলে দেওয়া বক্তব্যে হান নিজের অপরাধের কথা জানান। তিনি বলেন, পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তোলার জন্য একটি ছোট ক্যামেরা ব্যবহার করতেন। সেই ছবি জেনারেটিভ এআইয়ের কাছে পাঠানোর পর পাওয়া উত্তর স্মার্টফোনে দেখে পরীক্ষার খাতায় লিখতেন। নিজের এই পদ্ধতির মাধ্যমে পাওয়া শীর্ষ ফলাফলকে তিনি সৎ প্রচেষ্টার অর্জন নয় বলেও স্বীকার করেন। একই সঙ্গে এ ঘটনায় ক্ষমা চেয়েছেন তিনি।

হান তার অপরাধের বিষয়ে সিউল পুলিশের কাছেও লিখিত স্বীকারোক্তি দিয়েছেন। সিউল মহানগর পুলিশ জানিয়েছে, তার আইনজীবীর মাধ্যমে দেওয়া লিখিত জবানবন্দি তারা পেয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ঘটনাটি সামনে আসার পর দক্ষিণ কোরিয়ায় পরীক্ষার স্বচ্ছতা ও এআই ব্যবহার করে জালিয়াতি ঠেকানো নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আগামী বৃহস্পতিবার দেশটির বার্ষিক জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই পরীক্ষার আগে এআই-নির্ভর নকলের ঘটনা প্রকাশ্যে আসায় কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সামনে রেখে এ ধরনের জালিয়াতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্ভাব্য জালিয়াতি নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্টের নীতিবিষয়ক চিফ অব স্টাফের সভাপতিত্বে জরুরি বৈঠকের কথাও জানানো হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী হান সিওক-সুকও এআইয়ের সহায়তায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের আশঙ্কা নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগের কথা স্বীকার করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও স্থিতিশীল রাখতে আগাম প্রস্তুতি নেওয়া হবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত পুরো পরীক্ষাপ্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top