রোগীদের পরীক্ষা করাতে দিয়ে ১৮৬১ কোটি টাকা কমিশন পান ডাক্তাররা

দেশের স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি ও জবাবদিহির ঘাটতির চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে পাঠানোর বিনিময়ে চিকিৎসকেরা পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পান। বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে আনুমানিক ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। তবে এই হিসাব স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রোববার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী ও আইসিডিডিআর,বির ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন প্রতিবেদনটি সম্পাদনা করেছেন। প্রতিবেদন তৈরিতে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি সহায়তা করেছে।

গবেষণায় শুধু কমিশন বাণিজ্য নয়, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়টিও উঠে এসেছে। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে অন্য একটি গবেষণায় অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা নেওয়া চিকিৎসকদের বিষয়েও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সরকারি হাসপাতালে রোগীদের বিভিন্ন ধরনের হয়রানি ও অনিয়মের কথাও প্রতিবেদনে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের মাধ্যমে সেবা গ্রহণে বাধ্য করা, শয্যা বরাদ্দ ও ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো। একটি ঘটনায় অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করে দেওয়ার আশ্বাসে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয়। পরে জানা যায়, সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না।

স্বাস্থ্য খাতের কেনাকাটাতেও বড় ধরনের অনিয়মের তথ্য দিয়েছে গবেষণাটি। কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতির কথা প্রতিবেদনে বলা হয়েছে। পাশাপাশি ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে রয়েছে এবং কোনো কোনো সরঞ্জাম বাজারমূল্যের তুলনায় ১৮ গুণ পর্যন্ত বেশি দামে কেনার তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতার কথাও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সদস্যদের মধ্যে সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি তুলে ধরে নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

স্বাস্থ্য খাতে এসব অনিয়ম কমাতে রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন নেওয়া আইনত নিষিদ্ধ করার সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্ক প্রকাশ বাধ্যতামূলক করা, স্বাস্থ্যকর্মীদের নিয়োগ ও বদলিতে ডিজিটাল মানবসম্পদ ব্যবস্থাপনা চালু এবং প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রণোদনার সুপারিশ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top