এ বছরই আমি দেশে ফিরব: শেখ হাসিনা

দীর্ঘ প্রায় দুই বছর দেশের বাইরে অবস্থান করার পর চলতি বছরই বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ই-মেইল সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনৈতিক প্রতিকূলতা, আইনি বাধা এবং নানা ষড়যন্ত্র সত্ত্বেও তিনি দেশে ফিরে জনগণের পাশে দাঁড়াবেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তার দেশে ফেরার সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়; বরং বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, জনগণের ভোটাধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ববোধ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন কঠিন সময়ের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ট্র্যাজেডি থেকে শুরু করে ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ বহু সংকট তিনি অতিক্রম করেছেন। তাই মৃত্যুকে ভয় পান না উল্লেখ করে তিনি বলেন, সব বাধা উপেক্ষা করেই তিনি মাতৃভূমিতে ফিরে আসবেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেন, আওয়ামী লীগ কোনো কাগুজে রাজনৈতিক দল নয়; বরং দেশের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম ও মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি সংগঠন। দলটির ওপর নিষেধাজ্ঞা ও হাজারো মামলা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের পুনরুত্থান কোনো সরকারের দয়ার ওপর নির্ভরশীল নয়। তার দাবি, দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের সমর্থনে কর্মসূচি পালন করছেন, যা দলটির প্রতি জনগণের সমর্থনের প্রতিফলন।

শেখ হাসিনা আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর দেশের জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ভিত্তির ওপর আঘাত হানা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন।

বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে গোপন সমঝোতার গুঞ্জনও নাকচ করে দেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার কোনো দর-কষাকষির বিষয় নয়, বরং এটি জনগণের সাংবিধানিক অধিকার। ভারতের মাটিতে অবস্থান করলেও তার মন পড়ে আছে বাংলাদেশে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের জন্য তিনি শেষ দিন পর্যন্ত রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাবেন এবং জনগণের শক্তিতেই আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে বলে তার বিশ্বাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top