কিশোরীকে লেপের নিচে লুকিয়ে রেখেছিলেন ইমাম, ধরা পড়ে যা বললেন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মসজিদের ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২০ নভেম্বর) সকালে মসজিদের পাশের একটি কক্ষের বিছানার লেপের নিচ থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পরে বিকেলে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক ব্যক্তির নাম সাদিকুর রহমান (৪২)। তিনি উপজেলার আটগাঁও ইউনিয়নের একটি মসজিদে প্রায় ১১ মাস ধরে ইমামতি করছিলেন। তাঁর বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই কিশোরী গ্রামের একটি দোকান থেকে চা-পাতা কিনতে যাচ্ছিল। পথে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ইমাম তাকে জোর করে নিজের কক্ষে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি গ্রামের দুই স্কুলছাত্রের নজরে এলে তারা আশপাশের লোকজনকে বিষয়টি জানায়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ইমামের কক্ষে গিয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বিছানার লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন তাঁরা। উদ্ধারকারীদের একজন নাজির উদ্দিন জানান, দুই স্কুলছাত্রের কাছ থেকে খবর পেয়ে তাঁরা সেখানে যান। পরে সবার সামনে অভিযুক্ত ইমাম কিশোরীর হাত ধরার কথা স্বীকার করেন বলে দাবি করেন তিনি।

তবে সাদিকুর রহমানের বক্তব্য, কিশোরী নিজেই তাঁর কক্ষে গিয়েছিল। তিনি তার হাত ধরেছিলেন এবং লোকজন দেখে ফেলতে পারে এমন আশঙ্কায় তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিলেন। আটকের পর নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে তিনি ভুল করেছেন বলেও স্বীকার করেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাদিকুর রহমানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top