দেশের ক্যাডেট কলেজগুলোতে অধ্যয়নরত একজন শিক্ষার্থীর পেছনে সরকারের বছরে ব্যয় হচ্ছে ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা। মাসিক হিসাবে এ ব্যয়ের পরিমাণ ৪৪ হাজার ৫০৪ টাকা। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এই হিসাব তুলে ধরেন। তিনি জানান, দেশের ক্যাডেট কলেজগুলো সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে শিক্ষার্থীদের থাকা-খাওয়া, শিক্ষা, খেলাধুলা এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের ব্যয় সরকার বহন করে। এসব খাতের ব্যয় মিলিয়েই শিক্ষার্থীপ্রতি সরকারি খরচের পরিমাণ নির্ধারিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ তথ্যের বরাতে বলা হয়েছে, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে একজন শিক্ষার্থীর পেছনে সরকারের বার্ষিক গড় ব্যয় ২৬ হাজার ৮৫৪ টাকা। সেই হিসাবে ক্যাডেট কলেজের একজন শিক্ষার্থীর পেছনে সরকারি ব্যয় সাধারণ শিক্ষার তুলনায় প্রায় ২০ গুণ।
সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ভর্তি, সেশন ও মাসিক বেতনসহ বিভিন্ন খাত থেকে অর্থ আসে। অন্যদিকে ক্যাডেট কলেজে আবাসন, খাবার ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ আবাসিক ব্যবস্থাপনার দায়িত্বও সরকারের। এ কারণে দুই ধরনের প্রতিষ্ঠানে শিক্ষার্থীপ্রতি সরকারি ব্যয়ের মধ্যে বড় পার্থক্য দেখা যায়।

