মাত্র ১৪ বছর বয়সেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ব্যবসা গড়ে তুলে আলোচনায় এসেছে ভারতীয় বংশোদ্ভূত কিশোর জয়নম জৈন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের অন্যতম উঁচু ভবন বুর্জ খলিফার ১৪১তম তলায় তার উদ্যোগ ‘মেঙ্গো ইঞ্জিন’-এর অফিস। অল্প বয়সে প্রযুক্তি ও উদ্যোক্তা হিসেবে তার এই যাত্রা তাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছে।
সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিটের সমাপনী অনুষ্ঠানে সঞ্চালক জয়নমকে ‘নেক্সট ইলন মাস্ক’ হিসেবে উল্লেখ করেন। তবে এটি আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নয়; বরং তার বয়সের তুলনায় প্রযুক্তি উদ্যোগের কারণে দেওয়া প্রশংসাসূচক উপাধি।
ছোটবেলা থেকেই ব্যবসা ও প্রযুক্তিতে আগ্রহ
জয়নমের পরিবারের আদি নিবাস ভারতের পুনেতে। পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে দুবাইয়ে চলে যায় সে। বাবার সঙ্গে ব্যবসায়িক পরিবেশে যাতায়াতের সুযোগে মাত্র ছয় বছর বয়সেই প্রথম ব্যবসায়িক বৈঠকে অংশ নেয় জয়নম। সেখান থেকেই ব্যবসা ও নতুন প্রযুক্তি সম্পর্কে তার আগ্রহ তৈরি হয়।
মাত্র সাত বছর বয়সে ছোট বোনকে নিয়ে ইউটিউব চ্যানেল চালু করে সে। শুরুতে খেলনার বাক্স খোলার ভিডিও প্রকাশ করলেও পরে বিজ্ঞানভিত্তিক পরীক্ষা-নিরীক্ষা ও শিক্ষামূলক কনটেন্ট তৈরিতে মনোযোগ দেয় তারা। চ্যানেলটি চালুর তিন মাসের মধ্যেই সাবস্ক্রাইবার সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়।
পড়াশোনাতেও দ্রুত এগিয়েছে জয়নম। মাত্র ১৩ বছর বয়সে কেমব্রিজের আইজিসিএসই পদ্ধতিতে দশম শ্রেণির সমমানের পরীক্ষা সম্পন্ন করে সে।
ছোট ব্যবসার কাজে এআই ব্যবহারের উদ্যোগ
জয়নমের প্রতিষ্ঠিত মেঙ্গো ইঞ্জিন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিপণন প্ল্যাটফর্ম। ছোট ব্যবসা ও নতুন উদ্যোক্তাদের বিভিন্ন কার্যক্রম সহজ করাই এর মূল লক্ষ্য।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিপণন পরিকল্পনা তৈরি, কনটেন্ট লেখা, সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং গ্রাহক ব্যবস্থাপনার মতো কাজ সহজ করার পরিকল্পনা রয়েছে। জয়নম এর ধারণাকে ব্যবসার জন্য একধরনের ‘এআই সহপ্রতিষ্ঠাতা’ হিসেবে তুলে ধরেছে।
প্রযুক্তি নিয়ে কাজ করতে জয়নম আনুষ্ঠানিকভাবে এআই বিষয়ে কোনো কোর্স করেনি। অনলাইন রিসোর্স, ইউটিউব এবং নিজে বিভিন্ন প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ বিষয়ে জ্ঞান অর্জন করেছে সে।
তবে মেঙ্গো ইঞ্জিনের ভবিষ্যৎ সাফল্য নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। প্ল্যাটফর্মটি আলোচনার সময় পরীক্ষামূলক বা বেটা পর্যায়ে ছিল। জয়নমের দাবি, প্রায় ১০০টি ব্যবসাপ্রতিষ্ঠান প্ল্যাটফর্মটি ব্যবহারের অপেক্ষমাণ তালিকায় আছে।চ

