ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু বা ক্ষমতাচ্যুতি নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে বিপুল অঙ্কের অর্থের বাজি ধরার ঘটনা ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বাজির নিয়ম পরিবর্তন হওয়ায় হাজারো অংশগ্রহণকারী এখন নিজেদের প্রতারিত বলে দাবি করছেন।
খামেনি ক্ষমতায় থাকবেন কি না, এ প্রশ্নকে কেন্দ্র করে অনলাইন প্রেডিকশন মার্কেটে ব্যাপক লেনদেন হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘কালশি’ নামের একটি প্ল্যাটফর্মে এ সংক্রান্ত লেনদেনের পরিমাণ প্রায় ৫ কোটি ৪০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬০ কোটির বেশি টাকার সমান। অনেকেই বাজি ধরেছিলেন ১ এপ্রিলের মধ্যে খামেনি ক্ষমতাচ্যুত হবেন।
নিউইয়র্কের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি ওই প্ল্যাটফর্মে ৩ হাজার ৪৬০ ডলার বিনিয়োগ করেছিলেন। খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর প্রথমে অ্যাপে তাকে জয়ী হিসেবে দেখানো হয় এবং জানানো হয় তিনি ৬৩ হাজার ডলার পাবেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ সব লেনদেন স্থগিত করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, সম্ভাব্য লাভের টাকা দিয়ে বিদেশ ভ্রমণের পরিকল্পনাও করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে নিয়ম বদলে যাওয়ায় সব ভেস্তে যায়।
পরে ‘কালশি’ কর্তৃপক্ষ জানায়, তাদের নীতিমালায় কোনো ব্যক্তির সরাসরি মৃত্যু সংক্রান্ত ঘটনার ওপর বাজি ধরে লাভবান হওয়ার সুযোগ নেই। এ কারণে সংশ্লিষ্ট বাজিগুলো বাতিল করা হয়েছে এবং গ্রাহকদের মূল বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রতিষ্ঠানটির ২.২ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।
অন্যদিকে ‘পলিমার্কেট’ নামের আরেকটি প্রেডিকশন প্ল্যাটফর্মে ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে ছয়টি অ্যাকাউন্ট থেকে অপারেশন ‘এপিক ফিউরি’ শুরুর কয়েক ঘন্টা আগে বড় অঙ্কের বাজি ধরে ১২ লাখ ডলার লাভের ঘটনা ঘটেছে। প্ল্যাটফর্মটির উপদেষ্টা বোর্ডে যুক্ত আছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। উল্লেখ্য, এর আগে নিকোলাস মাদুরোকে অভিযান চালিয়ে ধরার কয়েক ঘন্টা আগে এভাবে এক ব্যক্তির ৪ লাখ ডলার জিতে নেওয়ার ঘটনা ঘটেছিল।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মার্কিন সিনেটর ক্রিস মারফি এ ধরনের বাজিকে নৈতিকতার চরম অবক্ষয় বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি আগাম গোপন তথ্যের সুবিধা নিয়ে এসব বাজি থেকে লাভবান হচ্ছেন।
‘পলিমার্কেট’এখনো খামেনি সংক্রান্ত বাজিটি স্থগিত করেনি। এখন পর্যন্ত এই বাজিতে ৬ কোটি ১০ লাখ ডলারের লেনদেন হয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা ভবিষ্যতে এ ধরনের প্রেডিকশন মার্কেটের কার্যক্রম সীমিত করার বিষয়ে নতুন নীতিমালা প্রণয়নের কথাও ভাবছেন। এদিকে প্ল্যাটফর্মটি নিজেদের কার্যক্রমকে বিশ্ব পরিস্থিতি বিশ্লেষণের একটি উপায় হিসেবে দাবি করলেও নৈতিকতা ও তথ্য অপব্যবহারের প্রশ্নে বিতর্ক ক্রমেই তীব্র হয়ে উঠছে।

