রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশাচালকের ঝগড়া থামাতে গিয়ে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের ব্যস্ত মেইন সড়কে ঘটে। নিহত ব্যক্তির নাম বেলাল হোসেন মিশোরী (প্রায় ৫০)। তিনি ৬ নং কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী ছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়োতির শাহ আলমের ছেলে অটোচালক আরমান (৩৫) এবং কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। ওই সময় বেলাল হোসেন মিশোরী ঝগড়া থামাতে এগিয়ে যান। বাকবিতণ্ডার এক পর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে বেলালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, বেলাল হোসেন মূলত ঝগড়া থামাতে গিয়েছিলেন এবং অকারণে হামলার শিকার হয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এবং নিহতের স্বজন প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত আরমান ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযানও চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top