ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় হার দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছেন হামজা চৌধুরি-তারিক কাজীরা। বড় ব্যবধানে হারলেও দলের কোচ থমাস ডুলি এই পরাজয়ের দায় খেলোয়াড়দের ওপর চাপাতে নারাজ, বরং তিনি জানিয়েছেন, এই টুর্নামেন্টে মূলত শিখতেই এসেছেন তারা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডুলি বলেন, ‘দলের কিছু খেলোয়াড়, আপনারা তো বাংলাদেশের মানুষ, হয়তো জানেনই সান মারিনোর বিপক্ষে শেষ ম্যাচের পর থেকে তারা অনুশীলনের মধ্যেই ছিল না। সুতরাং আপনি যদি কোনো লিগে খেলার মধ্যে না থাকেন এবং মালয়েশিয়ার মতো দলের বিপক্ষে খেলেন যাদের খেলোয়াড়েরা লিগ ও জাতীয় দলে নিয়মিত খেলছে, তখন নিশ্চিতভাবেই কাজটা খুব কঠিন। তাই সামগ্রিকভাবে ম্যাচ নিয়ে আমার আপত্তি নেই, আমরা এখানে শিখতেই এসেছি।’
মালয়েশিয়ার বিপক্ষে হজম করা তিনটি গোলেই ডিফেন্ডারদের ভুল থাকলেও কোনো খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলতে রাজি নন বাংলাদেশ কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সামগ্রিকভাবে খেলোয়াড়দের নিয়ে আমি সন্তুষ্ট। এই টুর্নামেন্টে মালয়েশিয়াকে ২-০ বা ৩-০ গোলে হারিয়ে দেব—এমন প্রত্যাশা করি না। এমন একটি দলের বিপক্ষে খেলেছি যারা আমাদের চেয়ে অনেক এগিয়ে, এবং খেলাটা এমনই। তাদের এবং আমাদের মধ্যকার পার্থক্যটা আজকের ম্যাচে আপনারা দেখতে পেয়েছেন। সুতরাং খেলোয়াড়দের খারাপ পারফরম্যান্স নিয়ে আমার কিছু বলার নেই। তারা সবাই চেষ্টা করেছে।’
নিজেদের অনেক ঘাটতি রয়েছে জানিয়ে ডুলি আরও বলেন, ‘স্পষ্টতই আজ আমরা যে স্বপ্নের আশা করেছিলাম এটা সেরকম কিছু ছিল না, তবে এটি ছিল একটি বাস্তবসম্মত ম্যাচ। আমরা দেখতে পেলাম আমাদের এবং তাদের (মালয়েশিয়া) মধ্যে মূল পার্থক্য হলো অ্যাকুরেসি (সঠিকতা), টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল জায়গায়।’

