গাছে সুতা দিয়ে বাঁধা আপেল, কিন্তু কেন?

খুলনার গল্লামারী এলাকার একটি সড়ক বিভাজকে লাগানো গাছের ডালে সুতা দিয়ে একটি আসল আপেল ঝুলিয়ে রাখা হয়েছে। প্রথম নজরে দেখে মনে হতে পারে গাছটিতে সত্যিই আপেল ধরেছে, যা দূর থেকে আসা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে শহরজুড়ে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। এই সৌন্দর্য বর্ধন কর্মসূচির অংশ হিসেবে গল্লামারী এলাকার সড়ক বিভাজকগুলো বিভিন্ন বাহারি ফুল ও সবুজ গাছপালায় সাজিয়ে তোলা হচ্ছে। এরই মধ্যে ব্যতিক্রমী ও আকর্ষণীয় রূপে সাজানোর উদ্দেশ্যে একটি গাছে এভাবে কৃত্রিম উপায়ে আপেল ঝুলিয়ে রাখা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক বিভাজকে এমন দৃশ্য তারা আগে কখনো দেখেননি। অনেকেই এটি দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন। এক দর্শনার্থী জানান, “গল্লামারীতে আপেল গাছে আপেল ঝুলিয়ে রাখা হয়েছে শুনেই এটি সরাসরি দেখতে এসেছি।” আরেকজন মন্তব্য করেন, “প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়কের সৌন্দর্য বাড়াতে এটি করা হয়েছে। গাছটিতে আপেল না ধরলেও সৌন্দর্য বৃদ্ধির জন্য তারা এটি সুতা দিয়ে বেঁধে রেখেছে। প্রধানমন্ত্রী এটি দেখলে হয়তো ভালো লাগতো।”

তবে এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে কোনো ভিন্ন উদ্দেশ্য নেই বলে দাবি করেছেন গাছ ও সড়ক সাজানোর দায়িত্বে থাকা ব্যক্তিরা। তারা জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এলাকাটিকে বাড়তি আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন করার উদ্দেশ্যেই এই অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিচ্ছন্নতা অভিযান এবং নানাবিধ বৃক্ষরোপণের মাধ্যমে পুরো খুলনা মহানগরীকে সাজানোর যে কর্মযজ্ঞ চলছে, এই আপেল গাছটি তারই একটি অংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top