চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আগামী ১৩ সেপ্টেম্বর তার থাইল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস গণমাধ্যমকে জানান, চিকিৎসা শেষে আগামী ২০ সেপ্টেম্বর দেশে ফিরবেন মন্ত্রী। তিনি জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। কিছুদিন আগে ব্যাংককে তার রক্তনালীতে একটি স্টেন্ট (রিং) বসানো হয়েছিল, এবার একই হাসপাতালে ফলোআপ চিকিৎসার জন্য যাচ্ছেন তিনি।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যা নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন মন্ত্রী। ফুসফুসে নিউমোনিয়ার আশঙ্কা থেকে তার চিকিৎসা শুরু করা হয়, আর শারীরিক অবস্থা বিবেচনায় তাকে সিসিইউতে ভর্তি রাখা হয়েছিল।

