জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ বা আইন কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, যিনি এই দায়িত্বে থেকে কার্যালয়ের আইনি বিষয়গুলো তদারক করবেন। জাতিসংঘের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর।
প্রতিবেদন অনুযায়ী, খলিলুর রহমানের কার্যালয়ে মোট ৪০ জন বিভিন্ন পদে কর্মরত রয়েছেন, যাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি। এই ছয়জনের মধ্যে বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম দায়িত্ব পালন করবেন কার্যালয়ের উপ-প্রধান হিসেবে। অন্যদের মধ্যে উপদেষ্টা ও প্রশাসনিক সহকারীর দায়িত্বে রয়েছেন মোয়াজ্জেম হোসেন, তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে মাফিজুল ইসলাম, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে জাকির আহমেদ এবং বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রফিকুল আলম মোল্লা।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন খলিলুর রহমান। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি হিসেবেও পরিচিত।

