জেনে নিন ঢাকা থেকে কোন জেলায় কত টাকা ভাড়া

জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লার বাসের ভাড়া নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন এই ভাড়ার তালিকায় কিলোমিটারপ্রতি ভাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোলও যুক্ত করা হয়েছে।

নতুন হিসাব অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৪০ পয়সা। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস-মিনিবাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সায়।

৫১ আসন ও ৪০ আসনের বাসের জন্য পৃথক হিসাব রাখা হয়েছে বিআরটিএর এই পুনর্নির্ধারিত ভাড়ায়। যেসব রুটে সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার পড়ে, সেসব ক্ষেত্রে প্রযোজ্য টোল মূল ভাড়ার সঙ্গে যোগ হবে। যেমন গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার ব্যবহারকারী বাসে ৫১ আসনের ক্ষেত্রে যাত্রীপ্রতি ৭ টাকা এবং ৪০ আসনের ক্ষেত্রে যাত্রীপ্রতি ৯ টাকা টোল যোগ হয়েছে।

সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসের নতুন ভাড়ার তালিকায় দেখা যায়, ১৭১ কিলোমিটার দূরত্বের বরিশাল রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৪৯৩ টাকা আর ৪০ আসনের বাসে তা ৬২৯ টাকা। ২১০ কিলোমিটার দূরত্বের পটুয়াখালী রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৬০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৭২ টাকা। ২৫৩ কিলোমিটারের বরগুনা রুটে ৫১ আসনের বাসে ৭১৭ টাকা ও ৪০ আসনের বাসে ৯১৪ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

২৫৭ কিলোমিটার দূরত্বের সিলেট রুটে ৫১ আসনের বাসের ভাড়া হয়েছে ৬২৪ টাকা, ৪০ আসনের বাসে ৭৯৬ টাকা। ২৮০ কিলোমিটারের কুয়াকাটা রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭৮১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৯৬ টাকা। জকিগঞ্জ রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারিত হয়েছে ৮৪৮ টাকা, আর ৪০ আসনের বাসে তা ১ হাজার ৮১ টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top