অবহেলা ও দুর্নীতিতে জড়িতদের চাকরি থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, শুধু বদলি নয়, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চাকরিচ্যুতিসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত ও আধুনিক করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, স্বাস্থ্যসেবায় ঘুষ, অনিয়ম ও দুর্নীতির কোনো স্থান নেই। যেখানে অবহেলা ও দুর্নীতির প্রমাণ মিলবে, সেখানে শুধু বদলি নয়, প্রয়োজন হলে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার ও আধুনিকায়ন, পরিবার পরিকল্পনা কেন্দ্রের উন্নয়ন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছর স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। জনগণের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তার ভাষায়, এবারের বাজেট শুধু অর্থ বরাদ্দের নয়, এটি একটি আদর্শভিত্তিক বাজেট, যা দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।
নরসিংদী মেডিকেল কলেজ প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বছর ৫০ শিক্ষার্থী নিয়ে কলেজটির শিক্ষা কার্যক্রম শুরু হবে। আপাতত নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে ক্লাস চলবে এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের কাজ চলছে। এছাড়া চীনের সহযোগিতায় দেশে নির্মাণাধীন ১৮টি আধুনিক হাসপাতালের একটি নরসিংদীতে স্থাপনের পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান তিনি।

