নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার দায়ে মো. রাসেল হাওলাদার (২৮) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটায় অভিযান চালিয়ে তাকে এই দণ্ড দেওয়া হয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডিত রাসেল ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার বাসিন্দা, তার বাবার নাম হারুন অর রশিদ।

মো. ইয়াসীন সাদেক জানান, নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কুয়াকাটার সি স্টার হোটেলের ৩৯নং কক্ষ বুক করেছিলেন রাসেল, সেখানে অবস্থান করছিলেন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে। এই সময়ের মধ্যে একটি বিকাশের দোকানে ৩০ হাজার টাকা রিচার্জও করেন তিনি।

এই প্রতারণার কৌশল হিসেবে ৪৪তম বিসিএসের গেজেটে ২৩২ নম্বরে থাকা মো. রাসেল মিয়ার নাম কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে বদলে মো. রাসেল হাওলাদার করা হয় বলে জানান তিনি। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নিয়োগপত্রও জাল করার অভিযোগ পাওয়া গেছে।

দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় রাসেল হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান ইয়াসীন সাদেক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top