পুলিশকে নিষ্ক্রিয় করে দিতে একটি চক্র নানাভাবে বিতর্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অপরাধী শনাক্ত করে গোপনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, একটি থানার সীমিতসংখ্যক পুলিশ সদস্যের পক্ষে এককভাবে পুরো এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব নয়, তাই পুলিশ ও জনগণের সমন্বয় বাড়াতে গঠন করতে হবে সমন্বয় কমিটি।
একটি নিষিদ্ধ দলের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও তৎপর থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে জানিয়ে তিনি মাদক কারবারিদের তালিকা ধরে বাড়ি বাড়ি অভিযান চালানোর নির্দেশ দেন। ইয়াবা উদ্ধার ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও সক্রিয় হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যে এলাকায় যাতে অরাজকতা তৈরি না হয়, সেখানে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। পাশাপাশি নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই মিথ্যা মামলা নেওয়া যাবে না এবং আইন প্রয়োগের সময় নিরীহ মানুষের হয়রানি ঠেকাতে হবে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলামসহ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী, যেখানে অংশ নেন নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেন তিনি।
পাঁচ দিনের সফরের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের নান্দাইলে পৌঁছান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এই সফরে কিশোরগঞ্জ ও জামালপুরেরও একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

