প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর সময় রাষ্ট্রীয় প্রটোকল ভঙ্গ করে তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করার অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার (২১ অক্টোবর) বিষয়টি সামনে আসে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউসুফ আলীকে জনস্বার্থে দায়িত্ব থেকে প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে প্রজ্ঞাপনে তাঁর প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। তাঁকে দ্রুত দায়িত্ব ছাড়ার নির্দেশ দেওয়া হলে তিনি রাতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফরে যান। সফর শেষে শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে ঢাকায় ফেরার সময় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাঁকে বিদায় জানান। এ সময় তাঁদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন প্রধানমন্ত্রী। প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রকাশিত বলা হয়েছে, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী হাত মেলানোর সময় আরেক হাত দিয়ে প্রধানমন্ত্রীকে পেছন থেকে স্পর্শ করার চেষ্টা করেন। এ সময় প্রধানমন্ত্রী কিছুটা পিছিয়ে গিয়ে তাঁকে সারিতে দাঁড়ানোর পরামর্শ দেন।
ঘটনার একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মোবাশ্বের আলীও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রটোকল ভঙ্গের অভিযোগের বিষয়টি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর অভ্যর্থনা অনুষ্ঠানে নির্ধারিত শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগের পর ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ বিষয়ে সরাসরি কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
উল্লেখ্য, অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা ইউসুফ আলী প্রায় দুই মাস আগে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পান। তাঁর প্রত্যাহারের পর অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার দায়িত্ব গ্রহণ করেন।

