দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারলে যত স্বপ্নের কথাই বলা হোক না কেন, তা টেকসই হবে না। তার ভাষায়, ‘‘এখন আমরা এমন একটা জায়গায় চলে আসছি, কোয়ালিটি ডেভেলপমেন্ট যদি আনতে হয়, তাহলে ভালো মানুষদের নেতৃত্বে আসতে হবে।’’ গত ১৭ বছরে দেশে বড় ধরনের নেতৃত্ব সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, এই সময়ে ভালো ও মেধাবী তরুণরা রাজনীতি থেকে দূরে সরে গেছে।
মন্ত্রীর পর্যবেক্ষণ, রাজনীতিবিদদের প্রতি মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে, এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও এখন আর রাজনীতিতে আসতে আগ্রহী নন। রাজনীতি করার গুরুত্ব তুলে ধরে তিনি একটি উপমা দিয়ে বলেন, ভালো উপকরণ থাকলেও ভালো বাবুর্চি না থাকলে যেমন ভালো খাবার পাওয়া যায় না, তেমনি নেতৃত্বে ভালো মানুষ না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল টেকসই করা সম্ভব নয়।
বরিশালের ঐতিহ্যকে অতুলনীয় আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ফুটবল থেকে রাজনীতি, নানা ক্ষেত্রে বরিশাল ও এ অঞ্চলের মানুষ বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এসেছে। পাকিস্তান আমল থেকে স্বাধীনতা-পরবর্তী সময় পর্যন্ত এ অঞ্চল থেকে উঠে এসেছেন দেশের বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, যারা বিভিন্ন ক্ষেত্রে সফল ভূমিকা রেখেছেন।
বরিশালকে প্রকৃত অর্থে স্বপ্নের নগরীতে পরিণত করতে হলে আগামী দিনে ভালো রাজনীতিবিদ তৈরির বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বরিশালের আশপাশের সব নির্বাচনী এলাকা ও জেলা থেকে মেধাবী ও ভালো তরুণ-তরুণীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করার তাগিদ দেন, আর সেজন্য রাজনীতিতে প্রবেশের অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

