গাজী নজরুলের বাসায় নিহত মরিয়মের রেখে যাওয়া চিঠিগুলোতে যা লেখা ছিল

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (জামায়াত থেকে বহিষ্কৃত) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠি উদ্ধার করা হয়েছে, যেখানে দাম্পত্য সম্পর্কে দীর্ঘদিনের টানাপোড়েন ও মানসিক কষ্টের ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। মামলার তদন্তে এসব চিঠিকে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শেষ বিদায়ের আগে এক চিঠিতে মরিয়ম নিজেকে একান্তই পরাজয়ের কাঠগড়ায় দাঁড় করিয়ে শেষে শান্ত অথচ কঠিন স্বরে সতর্ক করে বলেছেন— ‘আমি হেরেছি, তুমি জিতেছো, কারণ, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম বলেই তো, আমাকে ঠকিয়ে তুমি জিততে পেরেছো।’ ‘আমি ধ্বংসের শেষে দাঁড়িয়েও মুখে হাসি রেখেছি। ভেবে নাও, এই হাসিই হবে তোমার ধ্বংসের কারণ!’

সংসদের কাগজে জমে থাকা এক সম্পর্কের গল্প

একই সময়ের আরেক চিঠিতে মরিয়ম নিজের বিশ্বাস ভঙ্গের কথা বলে প্রিয়তম স্বামীকে উপহাস করেছেন বিপক্ষের সেনাপতি হিসেবে। তিনি লিখেছেন

‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে। জিততে পারিনি। জিতবই বা কেমনে? যুদ্ধের শেষপ্রান্তে গিয়ে দেখি—তুমি ছিলে বিপক্ষের সেনাপতি!

ছিল বিশ্বাসভঙ্গের এক নীরব ইতিহাস-

বিদায়কালের আগে তিনি আরও কিছু কথা হৃদয় নিংড়ে লিখেছেন শাদা কাগজের বুকে। তিনি আক্ষেপ করে লিখেন, ‘সে ছিল অন্য নারীর স্বামী। কাগজে, কলমে, অধিকারে ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা। অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ।’

মরিয়ম লিখেন, ‘কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের। কারণ, ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়। ভালোবাসা হয় সম্পূর্ণ না হয় অপূর্ণ।’

কিছু আক্ষেপ, নীরবে হৃদয় ফুঁড়ে বেরোনো ব্যথা

অভিমান ঝেরে কড়া নরম অথচ ধারালো ভাষায় তিনি আরও লিখেছেন, ‘আমি মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই। তা না হলে, যতটা সস্তা ভাবছো, ততটা সস্তা আমি নই।’

ভালোবাসা হেলা সহে না কভু…

মরিয়মের নোটবুকের অন্য এক পৃষ্ঠায় দেখা যায়- রাতে ঘুমুতে যাওয়ার আগের কিছু আমল। যা থেকে তার প্রতি বিপুল আগ্রহ ও অনুরাগ ফুটে ওঠে-

মরিয়ম লিখেছেন-

ঘুমানোর আগে ৬টি আমল
কালেমা
দুরুদ শরীফ ২১ বার
ঘুমের দোয়া—আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া
আয়াতুল কুরসি
বিসমিল্লাহির রহমানির রহিম ২১ বার
আস্তাগফিরুল্লাহ ৩ বার
ইয়া আরহামার রহিমিন ১১ বার

রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা হয়েছে। সোমবার মধ্যরাতে ওই মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top