জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে সেখানে অংশ নেন ডা. জুবাইদা রহমান, সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিরাও।
মেলানিয়া ট্রাম্পের বিশেষ উদ্যোগ ‘Fostering the Future Together’-এর অধীনে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রে ছিল শিশুদের শিক্ষা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ। শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে শিশুদের বিকাশে সহায়তা করা এবং অনলাইন ঝুঁকি থেকে তাদের সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এ ছাড়া শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, এডটেক, ডিজিটাল দক্ষতা এবং শিশুদের অনলাইন নিরাপত্তার মতো বিষয়গুলোও গুরুত্ব পায় অনুষ্ঠানে।
জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনের ফাঁকে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউসদের অংশগ্রহণে এভাবেই গুরুত্ব পেল শিশুদের শিক্ষা, প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি।

