চট্টগ্রাম নগরের হালিশহর থানার পুলিশের একটি টহল পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নগরের ছোটপুল এলাকার জেলা পুলিশ লাইনের সামনে থেকে গাড়িটি নিয়ে যায় এক ব্যক্তি। পরে সিসিটিভি ফুটেজে গাড়িটি চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে।
জানা গেছে, হালিশহর থানার টহল দলের তিন সদস্য একটি সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে দায়িত্ব পালন করছিলেন। দুপুরে তারা জেলা পুলিশ লাইনের সামনের সড়কে গাড়িটি রেখে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে দেখতে পান, সেখানে আর পিকআপটি নেই।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি পিকআপ ভ্যানটিতে উঠে সেটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। খবর পেয়ে পুলিশ গাড়িটির সন্ধানে তৎপরতা শুরু করে এবং চোরকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, হালিশহর থানার টহল দলের পিকআপ ভ্যানটি জেলা পুলিশ লাইনের সামনের সড়ক থেকে চুরি হয়েছে। গাড়িটি উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে।

