বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানা গেছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্বে ছিলেন।
২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার পর আলোচনায় আসেন মুফতি রুহুল আমিন। এ ঘটনায় সে সময় তিনি সমালোচনার মুখেও পড়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। পরে ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে গেলে খুতবার সময় মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে মুসল্লিদের এক পক্ষের সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। এর দুই দিন পর ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে তাকে খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

