চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ইংরেজিতে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন। বিষয়ভিত্তিক ফলাফলে এই দুই বিষয়েই সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সে হিসাবে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে।
প্রকাশিত ফল অনুযায়ী, গত ২১ বছরের মধ্যে এবারই এইচএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে কম পাসের হার দেখা গেছে। সর্বশেষ ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর আর কোনো বছর পাসের হার এতটা নিচে নামেনি।
ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে। কোনো শিক্ষার্থী যতটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁকে শুধু সেই বিষয়গুলোতেই আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
ইংরেজি ও আইসিটিতে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি এবারের ফলাফলের একটি উল্লেখযোগ্য দিক হয়ে উঠেছে। একই সঙ্গে সামগ্রিক পাসের হার কমে যাওয়ায় পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

