সকাল ১০টার আগে অফিস শরীরের ওপর অত্যাচার, বলছে বিজ্ঞান!

সকালে ঘুম থেকে উঠে দ্রুত অফিস বা স্কুলের জন্য প্রস্তুত হওয়া অনেকের দৈনন্দিন জীবনের অংশ। তবে মানুষের স্বাভাবিক ঘুম ও জাগরণের ছন্দের সঙ্গে সব সময় এই রুটিনের মিল থাকে না। আর এ কারণেই বয়সভেদে স্কুল ও কর্মস্থলে কাজ শুরুর সময় পরিবর্তনের পক্ষে যুক্তি দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘুম ও সার্কাডিয়ান রিদমবিষয়ক গবেষক ড. পল কেলি। তাঁর মতে, বিশেষ করে তরুণদের জন্য প্রচলিত সকাল ৯টার শুরু শরীরের স্বাভাবিক ছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

২০১৫ সালে ব্রিটিশ সায়েন্স ফেস্টিভ্যালে দেওয়া বক্তব্যে কেলি জানান, মানুষের শরীরের ঘুম ও জাগরণের সময় বয়সের সঙ্গে বদলে যায়। তাঁর গবেষণা অনুযায়ী, প্রায় ১০ বছর বয়সী শিশুর স্বাভাবিক ঘুম ভাঙার সময় সকাল সাড়ে ৬টার দিকে। কিন্তু ১৬ বছর বয়সে তা পিছিয়ে প্রায় সকাল ৮টা এবং ১৮ বছর বয়সে প্রায় সকাল ৯টার দিকে চলে যায়। ফলে কিশোর-কিশোরীদের খুব সকালে স্কুলে পাঠানো তাদের স্বাভাবিক জৈবিক ছন্দের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

কেলির মতে, ১৬ বছর বয়সীদের জন্য স্কুল শুরু হওয়া উচিত সকাল ১০টা বা তার পরে। ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে সময়টি আরও পিছিয়ে সকাল ১১টা বা তার পরেও হতে পারে। আর ১৮ থেকে প্রায় ৫৫ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য কর্মদিবস সকাল ১০টা বা তার পরে শুরু করা বেশি উপযোগী হতে পারে।

এর পেছনে মূল কারণ হিসেবে মানুষের বডি ক্লক বা সার্কাডিয়ান রিদমের কথা বলা হয়েছে। শরীরের এই অভ্যন্তরীণ ঘড়ি ২৪ ঘণ্টার ঘুম-জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে। আলোও এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু ইচ্ছা করলেই একজন কিশোরকে অনেক আগে ঘুমাতে বা ভোরে স্বাভাবিকভাবে জেগে উঠতে বাধ্য করা সব সময় সম্ভব নয়।

গবেষকের বক্তব্য অনুযায়ী, ১৪ থেকে ২৪ বছর বয়সীরা সবচেয়ে বেশি ঘুমের ঘাটতিতে ভোগে—প্রতি রাতে তাদের প্রায় দুই ঘণ্টা পর্যন্ত কম ঘুম হতে পারে। ২৪ থেকে ৩০ বছর বয়সে এই ঘাটতি প্রায় দেড় ঘণ্টা এবং ৩০ থেকে ৫৫ বছর বয়সে প্রায় এক ঘণ্টা হতে পারে। দীর্ঘদিনের ঘুমের ঘাটতি শরীর ও মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কেলি আরও মনে করেন, স্কুল ও অফিসের সময় বয়সভেদে কিছুটা পরিবর্তন করা হলে কর্মক্ষমতা, মেজাজ ও স্বাস্থ্যের উন্নতি হতে পারে। একই সঙ্গে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বের হওয়ার কারণে সৃষ্ট চাপ ও রাস্তায় দুর্ঘটনার ঝুঁকিও কমতে পারে বলে তিনি মত দিয়েছেন।

তবে ঘুমের সময় নির্ধারণে শুধু অফিস বা স্কুল শুরুর সময়ই দায়ী নয়। মোবাইল, কম্পিউটারসহ বিভিন্ন ডিভাইসের উজ্জ্বল আলোও ঘুমের ওপর প্রভাব ফেলতে পারে। তাই ব্যক্তির স্বাভাবিক ঘুমের ছন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে দিনের কাজের সময় নির্ধারণ করাই বেশি কার্যকর হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top