কক্সবাজার শহরে সন্ধ্যা ও রাতে অকারণে ঘরের বাইরে আড্ডা দিলে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূল এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থানের কথা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের লালদিঘির পাড় এলাকায় পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন’ শীর্ষক এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ডিআইজি বলেন, পর্যটন শহর কক্সবাজারে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক অবক্ষয় রোধে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। এসব অপরাধ মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য সামাজিকভাবে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কোথায় সময় কাটাচ্ছে, সেদিকে নজর রাখতে হবে।
নারীর প্রতি সহিংসতা প্রসঙ্গে ডিআইজি বলেন, যৌতুকের কারণে কোথাও নারী নির্যাতনের ঘটনা ঘটলে নীরব না থেকে সবাইকে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে। তাঁর মতে, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের চিন্তাভাবনা ও মানসিকতার পরিবর্তনও জরুরি।
সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য দেন।

