হাসপাতালে রোগীদের খাবার মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের খাবারের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকালে হাসপাতালটি পরিদর্শনের সময় রোগীদের জন্য রান্না করা তরকারি মুখে দিয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন করেন, “এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?”

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় কয়েকজন রোগী অভিযোগ করেন, র‍্যাবিস ভ্যাকসিন নিতে গিয়ে তাঁদের নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। কেউ কেউ জানান, বাধ্য হয়ে তাঁদের ২৫০ টাকা দিয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হয়েছে। রোগীদের এসব অভিযোগ শুনে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামের কাছে এর কারণ জানতে চান।

জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগে ভ্যাকসিন সরবরাহ না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে ঘটনাস্থল থেকেই ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে স্বাস্থ্যমন্ত্রী জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহের জন্য কোনো চাহিদাপত্রই পাঠানো হয়নি। বিষয়টি জানার পর তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করেন মন্ত্রী। সেখানে রোগীদের জন্য প্রস্তুত করা কুমড়ার তরকারির মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি তা মুখে দিয়ে ফেলে দেন। একই সঙ্গে হাসপাতালের সুপারিনটেনডেন্টকে রোগীদের জন্য উন্নতমানের খাবার সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন। এছাড়া তিনি হাসপাতালের বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা এবং শৌচাগারের অবস্থাও ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় কিছু অনিয়ম থাকতে পারে, তবে কিছু অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এ সময় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top